সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ। আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা।
টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ লিগ পর্বের তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে।
এর আগে রাউন্ড রবিন লিগের ম্যাচে ভারতকে ২-০ গোলে হারানোর আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বাঘিনীরা। সেই ম্যাচে দলের জয়ের নায়ক ছিলেন আলপি আক্তার ও অধিনায়ক অর্পিতা বিশ্বাস।
ফাইনালে মাঠে নামার আগে অধিনায়ক অর্পিতা বিশ্বাস দলের আত্মবিশ্বাসের কথা জানিয়ে বলেন, আমরা মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত আছি। যেহেতু ভারতকে আমরা একবার হারিয়েছি, তাই আমাদের মধ্যে আলাদা একটা প্রাণশক্তি কাজ করছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, যেন চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরতে পারি।
বাফুফের সূত্রে জানা গেছে, দলের মধ্যে কোনো চোট সমস্যা নেই। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই ভারতের বিপক্ষে শক্তিশালী একাদশ মাঠে নামাবে কোচিং স্টাফ।
উল্লেখ্য, ২০২৪ সালের সাফে দুই দল যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল।


