হাঁটুর গুরুতর অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। গত ডিসেম্বরে বাঁ হাঁটুর মেনিস্কাসের সার্জারির পর মাঠের বাইরে ছিলেন তিনি। তবে তার ফেরার খবর বের হলেও, সান্তোসের কোচ হুয়ান পাবলো ভোভোদা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না তারা।
সম্প্রতি ৩৪ বছর বয়সে পা রাখা নেইমারকে নিয়ে রবিবার ‘কাম্পেওনাতো পাউলিস্তা’-র ম্যাচে ক্লাব নোরোস্তের বিপক্ষে মাঠে নামার গুঞ্জন শোনা যাচ্ছিল।
এই প্রসঙ্গে কোচ ভোভোদা বলেন, সে দলের সাথে অনুশীলনে ফিরেছে। কিন্তু নেইমারের মতো একজন খেলোয়াড়, যার সামনে বড় লক্ষ্য (বিশ্বকাপ) রয়েছে, তার শতভাগ ফিট হয়েই মাঠে ফেরা উচিত।
কোচ আরও যোগ করেন, সে পুরোপুরি নিবেদিতপ্রাণ। যখন সে মাঠে ফিরবে, তখন যেন সবাই তার কাছ থেকে যা আশা করে, তা দিতে পারে। সে বিশ্বকাপে খেলতে চায়। তাকে প্রশিক্ষণ নিতে হবে, দলের সাথে লড়াই করতে হবে... সে মানুষ, রোবট নয়। আমরা তাকে নিয়ে তাড়াহুড়ো করব না। আমি এবং তার সতীর্থরা চাই সে সুস্থ হয়ে ফিরুক।
উল্লেখ্য, গত মৌসুমে সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচাতে বড় ভূমিকা রেখেছিলেন নেইমার। তার মূল লক্ষ্য এখন ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে জায়গা করে নেওয়া। ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই তারকাকে।


