ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বার্সার জার্সিতে ইয়ামালের অবিশ্বাস্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:২০ পিএম
লামিনে ইয়ামাল। ছবি : সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হওয়ার পর থেকেই নিজের জাত চিনিয়েছেন লামিনে ইয়ামাল। তবে ১৮ বছর বয়সেই তিনি যা করে দেখালেন, তা রীতিমতো অবিশ্বাস্য। ক্লাব ফুটবলে গোল করার ক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন স্বয়ং লিওনেল মেসিকেও!

সম্প্রতি লা লিগায় মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলের জয়ে দলের হয়ে একটি গোল করেন এই স্প্যানিশ উইঙ্গার। দানি ওলমোর পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার বাঁ পায়ের শক্তিশালী শটটি ছিল দুর্দান্ত। এই গোলের মাধ্যমেই বার্সেলোনার হয়ে ১৩৬ ম্যাচে ৪০টি গোল পূর্ণ করলেন ইয়ামাল।

ইয়ামালের এই কীর্তির মাহাত্ম্য বোঝা যাবে মেসির ক্যারিয়ারের শুরুর সাথে তুলনা করলে। যখন ইয়ামালের বর্তমান বয়স (১৮ বছর ২০৪ দিন), তখন লিওনেল মেসি বার্সেলোনার হয়ে খেলেছিলেন মাত্র ২৩টি ম্যাচ এবং গোল করেছিলেন মাত্র ৩টি।

মেসি তার বার্সা ক্যারিয়ারের প্রথম ৪০টি গোল পূর্ণ করেছিলেন যখন তার বয়স ছিল ২০ বছর ২৪১ দিন। অর্থাৎ, গোল সংখ্যার দিক থেকে শুরুর দিকে মেসিকে বেশ বড় ব্যবধানেই ছাড়িয়ে গেছেন ইয়ামাল।

শুধু ক্লাব নয়, দেশের জার্সিতেও ইয়ামালের শুরুটা স্বপ্নের মতো। মাত্র ১৭ বছর বয়সে স্পেনের হয়ে ইউরো ২০২৪ জিতেছেন তিনি। এখন পর্যন্ত স্পেনের হয়ে ২৩ ম্যাচে ৬টি গোল এবং ১২টি অ্যাসিস্ট করেছেন এই তরুণ।

অন্যদিকে, একই বয়সে আর্জেন্টিনার হয়ে মেসি খেলেছিলেন মাত্র ৫টি ম্যাচ, গোল ছিল শূন্য এবং অ্যাসিস্ট ছিল দুইটি।