আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার ওপর দেশ ত্যাগের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির আদালত। কর ফাঁকি ও আর্থিক অনিয়মের অভিযোগে এ আদেশ জারি করা হয়েছে।
আদালত একই সঙ্গে আগামী ৫ মার্চ তাপিয়াকে সশরীরে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছে। বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধানের বিরুদ্ধে এই পদক্ষেপ বিশ্ব ফুটবল অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাতীয় কর সংস্থা ‘এআরসিএ’ তাপিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, তিনি এএফএর খেলোয়াড় ও কর্মচারীদের পেনশন এবং সরকারি কর যথাযথভাবে পরিশোধ করেননি। এই অভিযোগের সঙ্গে আরও কিছু শীর্ষ কর্মকর্তার নামও যুক্ত রয়েছে।
গত বছরের ডিসেম্বর মাসে পুলিশ আচমকা এএফএর সদর দফতরে অভিযান চালিয়েছিল। তবে এএফএ দাবি করেছে, এগুলো একটি প্রীতি ম্যাচ সংক্রান্ত ব্যবসায়িক বিরোধের কারণে তাদের মানহানি করার প্রচেষ্টা।
এছাড়া, এএফএ ইঙ্গিত দিয়েছে যে, দেশের প্রেসিডেন্ট জাভিয়ের মিলের সরকারের সঙ্গে ক্লাব মালিকানা নিয়ে বিরোধও পরিস্থিতি জটিল করার পেছনে থাকতে পারে।


