ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিডনিতে পৌঁছেই অনুশীলনে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপ টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ নারী ফুটবল দল সিডনিতে পৌঁছেছে। অস্ট্রেলিয়ান সময় রাত সাড়ে বারোটায় সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পৌঁছান অধিনায়ক ঋতুপর্ণা চাকমার নেতৃত্বাধীন দল।

দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়ে মাত্র সাত ঘণ্টা বিশ্রামের পরই শুক্রবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল আটটা থেকে অনুশীলনে নামেন খেলোয়াড়রা। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত টানা দুই ঘণ্টা অনুশীলন করান প্রধান কোচ পিটার বাটলার। 

বাফুফের পাঠানো ভিডিও বার্তায় গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, ভ্রমণের কারণে কিছুটা ক্লান্তি ছিল, তবে বড় কোনো ইনজুরি শঙ্কা নেই। সবাই ফিট আছে। আমরা দ্রুত আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজকের ট্রেনিং ভালো হয়েছে।

সিডনির সকাল ও দুপুরের আবহাওয়া তুলনামূলক গরম। সকালে অনুশীলনের পর বিকেলে জিম সেশনও করেছেন ঋতুপর্ণারা। আগামী ২২ ফেব্রুয়ারি সকালেও অনুশীলন সূচি রয়েছে।

দলটি ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে-এই অবস্থান করবে। এরপর ২৭ ফেব্রুয়ারি তারা এএফসির অফিসিয়াল টিম হোটেলে উঠবে। ২৫ ফেব্রুয়ারি একই ভেন্যুতে স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের সুযোগ-সুবিধা নিয়েও সন্তুষ্ট কোচিং স্টাফ। গোলরক্ষক কোচের ভাষ্য, একটি পেশাদার ফুটবল দলের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধাই এখানে রয়েছে।