ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেসিকে নিয়ে মুখ খুললেন লাপোর্তা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:১৮ পিএম
হোয়ান লাপোর্তা ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি ও বার্সেলোনার বিচ্ছেদ ফুটবল ইতিহাসের অন্যতম এক ট্র্যাজেডি হিসেবে বিবেচিত। সেই বিচ্ছেদের কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো ভক্তদের মনে প্রশ্ন—কেন মেসিকে ধরে রাখা গেল না বা কেন তিনি ফিরলেন না? 

সম্প্রতি কাতালান টিভি প্রোগ্রাম ‘ক্যাফে ডি আইডিয়াস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা।

২০২৩ সালে পিএসজি ছাড়ার পর মেসির ন্যু-ক্যাম্পে ফেরার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেন। 

এ বিষয়ে লাপোর্তা জানান, আমরা ২০২৩ সালে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম। কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক কারণে মেসি মিয়ামিতে যাওয়াকেই শ্রেয় মনে করেছেন। এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমরা একে সম্মান জানাই।

তিনি আরও জোর দিয়ে বলেন, এটি কোনো সমালোচনা নয়, বরং পরিস্থিতির বাস্তবতা।

২০২১ সালে মেসির অশ্রুসজল বিদায় আজও বার্সা ভক্তদের কাঁদায়। সেই সময়কার আর্থিক সংকটের কথা স্মরণ করে লাপোর্তা বলেন, মেসি বার্সেলোনায় থাকতে চেয়েছিলেন, এটি আমি নিশ্চিত। কিন্তু ক্লাবের আর্থিক অবস্থা তখন এতটাই শোচনীয় ছিল যে তাকে রাখা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল।