ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব, অনিশ্চয়তায় মেসিদের খেলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার প্রভাবে থমকে গেছে কাতারের ক্রীড়াঙ্গন। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে সব ধরনের ফুটবল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। 

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের (কিউএফএ) এই সিদ্ধান্তের ফলে গভীর অনিশ্চয়তায় পড়েছে বিশ্ব ফুটবলের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ ‘ফিনালিসিমা’।

নিরাপত্তা শঙ্কায় কিউএফএ-র জরুরি সিদ্ধান্ত কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরোয়া লিগ থেকে শুরু করে সব ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ বন্ধ থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় সংস্থাটি সরাসরি যুদ্ধের প্রসঙ্গের উল্লেখ না করলেও জানিয়েছে, অনিবার্য নিরাপত্তা শঙ্কার কারণে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি যথাসময়ে জানানো হবে।

এই স্থগিতাদেশের ফলে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি। আগামী ২৭ মার্চ দোহার বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল। 

লিওনেল মেসি এবং ফুটবল বিশ্বের নতুন বিস্ময় লামিন ইয়ামালের মধ্যকার এই দ্বৈরথ দেখতে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের চোখ ছিল দোহার দিকে। তবে বর্তমান পরিস্থিতিতে ম্যাচটি নির্ধারিত সময়ে মাঠে গড়ানো নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।