ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারী দলকে নিয়ে গর্বিত পিটার বাটলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৪:৪০ পিএম
পিটার বাটলার। ছবি : সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের মঞ্চে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে হারলেও, মাঠে বাঘিনীদের লড়াকু মানসিকতা নজর কেড়েছে ফুটবল বিশ্বের। হার ছাপিয়ে এখন আলোচনায় মেয়েদের ‘চোখে চোখ রেখে’ লড়াই করার অদম্য সাহস। আর শিষ্যদের এই অর্জনে গর্বিত কোচ পিটার বাটলার।

সোমবার (৯ মার্চ) গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচকে সামনে রেখে রোববার সংবাদ সম্মেলনে নিজের আবেগঘন বার্তা দেন বাটলার। কাকতালীয়ভাবে আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে নারী ফুটবলারদের অধিকার এবং তাদের সংগ্রামের প্রতি বিশেষ সম্মান জানান ব্রিটিশ এই কোচ।

আফ্রিকায় আট বছর পুরুষ জাতীয় দলের কোচিং করানোর অভিজ্ঞতা টেনে বাটলার বলেন, আফ্রিকার সামাজিক প্রেক্ষাপট অনেকটা বাংলাদেশের মতোই। আমি সবসময় নারীর অধিকারের পক্ষে দাঁড়ানোয় বিশ্বাসী। জানি, অনেকে এটি পছন্দ করেন না, কিন্তু আমি ঝুঁকি নিতে পিছপা হই না। এই দলটির সাথে কাজ করতে পেরে আমি গর্বিত।

নিজের ব্যক্তিগত জীবনের উদাহরণ টেনে তিনি আরও বলেন, আমার নিজের তিনটি সন্তান আছে। আমি জানি সন্তান লালন-পালন কতটা চ্যালেঞ্জিং। আমার সন্তানরা এই মেয়েদের তুলনায় অনেক বেশি ভাগ্যবান ছিল। কারণ এই ফুটবলাররা অত্যন্ত কঠিন পরিবেশ থেকে উঠে এসেছে। আমি তাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল।

মাঠের ফলের চেয়েও মেয়েদের জীবনযাত্রার মানোন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছেন বাটলার। তিনি জানান, দলের সবার জন্য উন্নত পুষ্টি, আবাসন এবং উন্নত ট্রেনিং কন্ডিশন নিশ্চিত করতে তিনি প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এমনকি আগামীকাল যদি আমরা না-ও জিতি, তাতে কিছু যায় আসে না। কারণ আমরা শুধু জেতার জন্যই এখানে আসিনি। আমাদের লড়াকু মানসিকতাটাই আসল কথা। অনেকেই হয়তো এই অর্জনকে ছোট করে দেখেন বা পুরুষ দলের সঙ্গে তুলনা করেন, কিন্তু আমি সারাদিন এই মেয়েদের সামর্থ্য নিয়ে কথা বলতে পারি।