২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে যখন মরিয়া ব্রাজিল, ঠিক তখনই দলের প্রাণভোমরা নেইমার জুনিয়ারের ফিটনেস নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আগামী ২৬ মার্চ ফ্রান্স এবং ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের জন্য কার্লো আনচেলত্তির প্রাথমিক তালিকায় নেইমার থাকলেও, তার শতভাগ ফিটনেস নিয়ে এখনো সংশয় কাটছে না।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে মাঠের অনুশীলনে বেশ কয়েকবার অনুপস্থিত ছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। দলের সাথে ট্যাকটিক্যাল এবং টেকনিক্যাল সেশনে অংশ নেওয়ার পরিবর্তে তিনি জিম সেশনে বেশি সময় ব্যয় করেছেন।
যদিও গত রবিবার তিনি পূর্ণ অনুশীলনে ফিরেছেন, তবে সান্তোস কর্তৃপক্ষ তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয়। ফলে আগামী মঙ্গলবার রাতে মিরাসোলের বিপক্ষে লিগ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
সান্তোস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নেইমারের শরীরে কোনো নতুন চোট নেই, এটি কেবল একটি সতর্কতামূলক পদক্ষেপ। তবে এই সিদ্ধান্ত সেলেসাও কোচ কার্লো আনচেলত্তির জন্য কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত বছরের মে মাসে দায়িত্ব নেওয়া এই ইতালিয়ান কোচের পরিকল্পনা ছিল মিরাসোলে উপস্থিত থেকে নেইমারের ফিটনেস সশরীরে পরখ করা। নেইমার ম্যাচে না থাকায় সেই সুযোগ আর থাকছে না।
গত ডিসেম্বরে হাঁটুতে চোট পাওয়ার পর প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। গত ১৬ ফেব্রুয়ারি মাঠে ফিরে ১০ দিন পরেই ভাস্কো দা গামার বিপক্ষে জোড়া গোল করে নিজের ছন্দ ফিরে পাওয়ার আভাস দিয়েছিলেন তিনি।
তবুও মিরাসোলের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরি আ-র পঞ্চম রাউন্ডে তাকে দর্শক হয়েই থাকতে হচ্ছে। ফলে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৮ ম্যাচে রেকর্ড ৭৯ গোল করা এই তারকার জাতীয় দলে ফেরা এখন অনেকটাই ঝুলে আছে।


