স্প্যানিশ লা লিগায় জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের ফল ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রেফারি বিতর্ক। ম্যাচের শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি বক্সের ভেতর ফাউলের শিকার হলেও রেফারি বাঁশি না বাজানোয় চরম ক্ষোভ প্রকাশ করেছে লস ব্ল্যাঙ্কোস শিবির।
শুক্রবার ১০ এপ্রিল অনুষ্ঠিত এই ম্যাচের ৮৮ মিনিটে পেনাল্টি বক্সের ভেতর বল দখলের সময় জিরোনার এক ডিফেন্ডারের কনুইয়ের জোর আঘাত লাগে এমবাপ্পের মুখে।
ফরাসি এই তারকা মাটিতে লুটিয়ে পড়লে রিয়াল খেলোয়াড়রা পেনাল্টির জোর দাবি জানান। তবে মাঠের রেফারি আলবেরোলা রোহাস এবং ভিএআর দায়িত্বে থাকা ত্রুহিলো সুয়ারেজ—উভয়েই বিষয়টি এড়িয়ে যান।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রিয়াল মাদ্রিদের নিজস্ব টেলিভিশন চ্যানেল 'আরএমটিভি' একটি বিশেষ ভিডিও ফুটেজ প্রকাশ করে রেফারিদের কড়া সমালোচনা করেছে।
বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এমবাপ্পের মুখে কনুইয়ের আঘাতের দৃশ্য পোস্ট করে তারা দাবি করেছে, এটি ছিল একটি 'স্পষ্ট ফাউল'। প্রযুক্তির যুগেও এমন দৃশ্য রেফারিদের চোখে না পড়া কেবল ভুল নয়, বরং চরম অযোগ্যতা বলে ভিডিওতে ইঙ্গিত দেওয়া হয়।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন যে, রেফারির এই বিতর্কিত সিদ্ধান্ত তাদের প্রাপ্য জয় ছিনিয়ে নিয়েছে। ১-১ সমতায় ম্যাচ শেষ হওয়ায় রিয়ালকে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়।
এই ড্রয়ের ফলে ২০২৫/২৬ মৌসুমের লা লিগা শিরোপা দৌড়ে বড় ধরনের ধাক্কা খেল রিয়াল।


