উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। এই ব্লকবাস্টার ম্যাচের আগে ইংল্যান্ড জাতীয় দলের সতীর্থ এবং বায়ার্ন তারকা হ্যারি কেইনের প্রশংসায় মেতেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম।
কেইনকে একজন ‘দুর্দান্ত ফুটবলার’ হিসেবে অভিহিত করার পাশাপাশি বেলিংহাম জানিয়েছেন, কেইনের ব্যালন ডি'অর জয় মূলত নির্ভর করছে দলীয় সাফল্যের ওপর।
প্রথম লেগে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ এবার বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় আতিথ্য নেবে। যেখানে তাদের মূল বাধা হয়ে দাঁড়াবেন এই মৌসুমে গোলবন্যার জোয়ারে ভাসতে থাকা হ্যারি কেইন।
চলতি মৌসুমে বায়ার্নের জার্সিতে সব মিলিয়ে ৪১ ম্যাচে ৪৯ গোল করেছেন এই ইংলিশ স্ট্রাইকার। বুন্দেসলিগায় ৩১ গোল করে শীর্ষ গোলদাতার তালিকার পাশাপাশি লিগ শিরোপার দৌড়েও দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
জার্মানিতে এই সফরের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেলিংহাম কেইনের সাম্প্রতিক ফর্ম নিয়ে গর্ব প্রকাশ করেন। তবে মজার ছলে নিজের ব্যক্তিগত এক আক্ষেপের কথাও জানান তিনি।
বেলিংহাম বলেন, তারা বুন্দেসলিগা জিততে যাচ্ছে এবং এটা আমাকে কিছুটা কষ্ট দেয় কারণ আমার ভাই ডর্টমুন্ডে খেলে। তবে জাতীয় দলে কেইনের মতো একজন সতীর্থ থাকাটা সত্যিই গর্বের।
ব্যালন ডি'অরের দৌড়ে কেইন কতটা এগিয়ে— এমন প্রশ্নে বেলিংহাম জানান, বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এবং আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ভালো পারফর্ম করতে পারলে কেইনের হাতে এই পুরস্কার ওঠার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
কেইনের ধারাবাহিক উন্নতি নিয়ে বেলিংহাম যোগ করেন, সে আগের চেয়েও আরও ধারালো স্ট্রাইকারে পরিণত হয়েছে এবং তাকে মাঠে খেলতে দেখাটা আনন্দের। আমরা চাই সে এই ফর্ম বিশ্বকাপে ইংল্যান্ডের হয়েও ধরে রাখুক। তবে আগামীকালের ম্যাচে আমি চাইব সে যেন শান্ত থাকে এবং আমরা যেন তাকে থামাতে পারি।



