ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টানা দ্বিতীয় অবনমনে বিধ্বস্ত হামজা চৌধুরীর দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:২২ এএম
লেস্টার সিটি। ছবি : সংগৃহীত

ঠিক ১০ বছর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি উঁচিয়ে ধরে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল লেস্টার সিটি। বাজিকরদের সব হিসাব-নিকেশ উল্টে দিয়ে লেখা সেই রূপকথা এখন কেবলই ধূসর স্মৃতি। 

অবিশ্বাস্য এক পতনের ধারাবাহিকতায় এবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর ‘চ্যাম্পিয়নশিপ’ থেকেও অবনমন হয়ে তৃতীয় স্তর ‘লিগ ওয়ান’-এ নেমে গেল ক্লাবটি। টানা দ্বিতীয় মৌসুমে অবনমনের স্বাদ পাওয়া লেস্টারের জন্য এটি যেন এক ট্র্যাজেডি।

মঙ্গলবার রাতে লিগের ৪৪তম ম্যাচে হাল সিটির মুখোমুখি হয়েছিল লেস্টার। আসরে টিকে থাকার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের সামনে। তবে ঘরের মাঠে কাঙ্ক্ষিত সেই জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে তারা। 

ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে যায় তাদের বিদায় ঘণ্টা। ৪৪ ম্যাচে মাত্র ১১টি জয় আর ১৮টি হারে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের ২৩ নম্বর অবস্থানে রয়েছে দলটি।

এই পতনের দিনে গ্যালারিতেও দেখা গেছে সমর্থকদের চরম অনীহা। দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচ সত্ত্বেও কিং পাওয়ার স্টেডিয়ামের অনেক আসনই ফাঁকা পড়ে ছিল। বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীর দল হওয়ায় স্থানীয় দর্শকদের এই ক্লাবটি নিয়ে বিশেষ আগ্রহ থাকলেও মাঠের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। 

হাল সিটির বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে বদলি হিসেবে নামানো হয়েছিল এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে, তবে মাত্র এক মিনিট খেলার সুযোগ পাওয়া হামজা দলের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেননি।