স্প্যানিশ লা লিগার ৩৩তম ম্যাচডেতে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যক্তিগত অর্জনে ইতিহাস গড়েছেন বার্সার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। তবে ইয়ামালের রেকর্ড গড়ার রাতে বার্সা শিবিরে হানা দিয়েছে চোটের আতঙ্ক।
পরিসংখ্যানভিত্তিক সংস্থা স্ট্যাটস ফুট-এর তথ্যমতে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে ৩০টি গোলের মাইলফলক স্পর্শ করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন ইয়ামাল। বর্তমানে তার বয়স মাত্র ১৮ বছর ৯ মাস।
এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংলিশ কিংবদন্তি জিমি গ্রিভসকে। ১৯৫৮ সালের ৩০ আগস্ট চেলসির হয়ে ১৮ বছর ৬ মাস বয়সে গ্রিভস এই কীর্তি গড়েছিলেন, যা দীর্ঘ ৬ দশকেরও বেশি সময় ধরে অক্ষুণ্ণ ছিল। ইয়ামালের এই অর্জন তাকে বিশ্ব ফুটবলের অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
ব্যক্তিগত অর্জন ছাপিয়ে বার্সেলোনার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের চোট। ম্যাচের এক পর্যায়ে মারাত্মক চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ইয়ামাল। মাঠ থেকে বদলি হওয়ার পর তাকে সরাসরি ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। ইয়ামালের এই ইনজুরি বার্সা কোচ এবং সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
দুর্ভোগের এখানেই শেষ নয়, ম্যাচের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন দলের অন্যতম ভরসা জোয়াও ক্যানসেলো। মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত হার মানতে হয় তাকে। তার পরিবর্তে মাঠে নামানো হয় আলেহান্দ্রো বালদেকে।
লা লিগার শিরোপা লড়াই যখন তুঙ্গে, তখন দলের দুই প্রধান স্তম্ভের চোট বার্সেলোনার জন্য বড় ধরনের ধাক্কা।


