সান্তিয়াগো বার্নাব্যুর অন্দরমহলে বড়সড় ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। রিয়াল মাদ্রিদের স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবালোস এবং বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার মধ্যে সম্পর্ক এখন তলানিতে।
স্প্যানিশ প্রভাবশালী গণমাধ্যম ‘মার্কার’ এক প্রতিবেদনে জানা যায়, গত বৃহস্পতিবার দুজনের মধ্যে এক উত্তপ্ত বাক্যবিনিময়ের পর এই ফাটল চূড়ান্ত রূপ নিয়েছে। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে, সেবালোস কোচকে সরাসরি জানিয়ে দিয়েছেন, এই মৌসুমের বাকি সময়ে তিনি যেন আর তার সাথে কোনো কথা না বলেন।
সংকটের সূত্রপাত হয় সেবালোসের ইনজুরিকে কেন্দ্র করে। ইনজুরির কারণে তিনি লা লিগার ৫টি এবং চ্যাম্পিয়ন্স লিগের ৩টি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেন। তবে মূল সমস্যার শুরু হয় তার সুস্থ হয়ে ফেরার পর।
চিকিৎসকদের পক্ষ থেকে খেলার অনুমতি পেলেও বায়ার্ন মিউনিখের মতো হাইভোল্টেজ ম্যাচে তাকে স্কোয়াডে রাখা হয়নি। এমনকি জিরোনা, আলাভেস এবং বেতিসের বিপক্ষে লিগ ম্যাচেও তাকে পুরোপুরি উপেক্ষা করা হয়। সর্বশেষ সেভিয়া সফরে তাকে দলের সাথে না নেওয়ায় ক্ষোভের বিস্ফোরণ ঘটে এই মিডফিল্ডারের।
নিজের অবস্থান পরিষ্কার করতে গত বৃহস্পতিবার আরবেলোয়ার মুখোমুখি হয়েছিলেন সেবালোস। কিন্তু সেই আলোচনা কোনো সমাধান না এনে উল্টো তিক্ততা বাড়িয়েছে।
মার্কা জানিয়েছে, সেই তর্কের পর দুজনের সম্পর্ক এখন পুরোপুরি বিচ্ছিন্ন।
জানা যায়, এই সম্পর্ক জোড়া লাগার আর কোনো সম্ভাবনা নেই। ফলে চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে তাকে আর মাঠে দেখার সম্ভাবনা ক্ষীণ বললেই চলে।
এই পরিস্থিতির পর দানি সেবালোসের মাদ্রিদ ছাড়া এখন সময়ের ব্যাপার মাত্র। যদিও ২০২৭ সাল পর্যন্ত তার সাথে ক্লাবের চুক্তি রয়েছে, তবে বর্তমান তিক্ততা দূর করতে দুই পক্ষই বিচ্ছেদের পথে হাঁটতে পারে।
বর্তমানে বাজারে তার মূল্য কমে দাঁড়িয়েছে মাত্র ৭ মিলিয়ন ইউরোতে। স্বল্প মূল্যের এই সুযোগটি নিতে আগ্রহী ফরাসি ক্লাব মার্সেই। এছাড়া নিজের পুরনো ক্লাব রিয়াল বেতিসে ফেরার একটি জোরালো সম্ভাবনাও রয়েছে তার সামনে।


