ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বায়ার্ন-পিএসজির হাইভোল্টেজ মহারণ আজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৩:০৯ পিএম
ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার চূড়ান্ত লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আলিয়াঞ্জ অ্যারেনায় সেমিফাইনালের দ্বিতীয় লেগের এই ম্যাচে এক গোলের ব্যবধান ঘুচিয়ে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া বায়ার্ন। 

অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের আধিপত্য ধরে রেখে টানা দ্বিতীয়বার ফাইনালে যাওয়ার লক্ষ্যে মাঠে নামবে পিএসজি।

আজ বুধবার (৬ মে) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

গত সপ্তাহে প্যারিসে প্রথম লেগের ম্যাচে ফুটবল বিশ্ব দেখেছিল এক অবিশ্বাস্য লড়াই। ৯ গোলের সেই রোমাঞ্চকর ম্যাচে বায়ার্নকে ৫-৪ ব্যবধানে হারিয়েছিল পিএসজি। 

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ গোলের সেই ম্যাচে হারলেও এক গোলের ব্যবধান ঘুচিয়ে ফাইনালে যেতে আত্মবিশ্বাসী বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি।

জানা যায়, ইনজুরির কারণে সার্জ ন্যাব্রিকে পাওয়া না গেলেও দলে ফিরেছেন তরুণ লেনার্ট কার্ল ও টম বিশফ। বায়ার্নের মূল আক্রমণভাগ সাজানো হতে পারে হ্যারি কেনকে কেন্দ্র করে, যাকে জোগান দেবেন মুসিয়ালা ও ওলিসের মতো সৃজনশীল তারকারা। 

তবে বায়ার্নের মূল চ্যালেঞ্জ হলো তাদের রক্ষণভাগ। গত কয়েক ম্যাচে রক্ষণের নড়বড়ে অবস্থা এবং প্রথম লেগে পাঁচ গোল হজমের পর উপামেকানো ও তাহ্ জুটির ওপর বাড়তি চাপ থাকবে।

অন্যদিকে, জয়ের স্বস্তি থাকলেও পিএসজি শিবিরে দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে রক্ষণভাগের ইনজুরি। তারকা রাইট-ব্যাক আশরাফ হাকিমি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে লুইস এনরিকে মাঝমাঠের ওয়ারেন জাইরে-এমেরিকে রক্ষণে নামাতে পারেন। 

এ ছাড়া গোলরক্ষক লুকাস শেভালিয়ারকেও পাচ্ছে না প্যারিসের দলটি। তবে আক্রমণভাগে ওসমানে দেম্বেলে এবং কাভারাটস্কেলিয়া ফেরায় কাউন্টার অ্যাটাকে বায়ার্নকে গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে পিএসজি।

পরিসংখ্যান বলছে, বায়ার্ন তাদের ঘরের মাঠে দুর্দান্ত। শেষ ৯টি হোম ম্যাচের আটটিতেই তারা তিন বা তার বেশি গোল করেছে।