ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবছেন না কাসেমিরো

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৬, ০২:৫৫ পিএম
ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দীর্ঘ চার বছরের সম্পর্কের ইতি টানার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তবে ক্লাব ক্যারিয়ারের এই ক্রান্তিলগ্নে দাঁড়িয়েও তার পুরোটা মনোযোগ এখন আসন্ন বিশ্বকাপ আর সতীর্থ নেইমার জুনিয়রকে ঘিরে। 

সম্প্রতি কিংবদন্তি ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের ইউটিউব চ্যানেল 'রিও ফার্ডিনান্ড প্রেজেন্টস'-এ অতিথি হয়ে এসে নিজের মনের কথা জানান ৩৪ বছর বয়সী এই তারকা। কাসেমিরো জানান, নেইমার এখন আর আগের মতো পুরো ৯০ মিনিট খেলার অবস্থায় না থাকলেও, ম্যাচের শেষ দিকে তার উপস্থিতি প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হতে পারে।

নেইমারের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে কাসেমিরো বলেন, আমার মনে হয় সে দলে আসবে এবং যখন খেলার ভাগ্য নির্ধারিত হবে না, তখন সে বিশেষ কিছু করে দেখাবে। একটি জাদুকরি অ্যাসিস্ট কিংবা একটি গোল—এটাই হবে তার মূল কাজ। সত্যি বলতে, এই মুহূর্তে আমাদের দলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো এমন বিকল্প খেলোয়াড় আর নেই।

সাক্ষাৎকারে ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কাসেমিরো। রিয়াল মাদ্রিদে আনচেলত্তির অধীনে সোনালী সময় কাটানো এই মিডফিল্ডার তাকে গত ১৫ বছরের সেরা কোচ হিসেবে আখ্যা দেন। 

এদিকে, ও্ড ট্র্যাফোর্ড ছাড়ার গুঞ্জন নিয়ে সব ধোঁয়াশা পরিষ্কার করেছেন কাসেমিরো নিজেই। ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ম্যানচেস্টার ইউনাইটেডে তার অধ্যায় শেষ। 

ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে সর্বোচ্চ ৭৯ গোলের মালিক নেইমার বর্তমানে সান্তোসের হয়ে দারুণ ফর্মে আছেন। এসিএল ইনজুরি কাটিয়ে ফেরার পর গত দুই মৌসুমে তিনি ৪১ ম্যাচে ১৭টি গোল করেছেন। 

আনচেলত্তির ঘোষিত ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে নেইমার জায়গা পেলেও ভক্তদের নজর এখন ১৮ মে’র দিকে। সেদিনই ঘোষণা করা হবে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের দল।