ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাদির মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:৫৩ পিএম
ওসমান হাদি। ছবি- সংগৃহীত

দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের তরুণ নেতা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর পৃথক শোকবার্তার মাধ্যমে সংস্থা দুটি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে। একই সঙ্গে হাদির শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ফেসবুক পেজে হাদির ছবি সংযুক্ত করে জানায়, তার মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত এবং তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও হাদির মৃত্যুকে একটি অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছে।

শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীতে একটি হামলায় গুরুতরভাবে আহত হন। মাথায় আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

সেখানে দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।