ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিমান থেকে নামিয়ে দেওয়া হলো পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকাকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৮:৩১ পিএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনায় এফআইএইচ প্রো লিগ শেষ করে দেশে ফেরার পথে বড় ধরনের কেলেঙ্কারিতে জড়িয়েছেন পাকিস্তান হকি দলের ম্যানেজার ও সাবেক অলিম্পিয়ান আঞ্জুম সাঈদ। মাঝ আকাশে বিমান নিরাপত্তা আইন ভঙ্গ করার অভিযোগে তাকে এবং দলের এক খেলোয়াড়কে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, আর্জেন্টিনা সফর শেষে পাকিস্তান দল যখন দেশে ফিরছিল, তখন রিও ডি জেনিরোতে বিমান বিরতি চলাকালীন আঞ্জুম সাঈদ বিমানের ভেতরেই ধূমপান শুরু করেন। বিমানে ধূমপান করা আন্তর্জাতিক নিরাপত্তা আইনের গুরুতর লঙ্ঘন।

বিমানকর্মীরা তাকে বাধা দিলে তিনি এবং একজন পাকিস্তানি খেলোয়াড় তাদের ওপর ক্ষিপ্ত হন এবং তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্তৃপক্ষ তাদের দুজনকে বিমান থেকে নামিয়ে দেয়। পরবর্তীতে আঞ্জুম সাঈদ অন্য একটি ফ্লাইটে পাকিস্তানে ফেরেন।

এ বিষয়ে তিনি বলেন, দুবাইয়ে ব্যক্তিগত কাজ থাকার কারণে তিনি দলের সাথে ফেরেননি। তবে পাকিস্তান স্পোর্টস বোর্ডের (পিএসবি) কর্মকর্তারা তার এই দাবি নাকচ করে দিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিছক ব্যক্তিগত কারণ নয়, বরং বিমানের শৃঙ্খলা ভঙ্গের কারণেই এই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আমরা পাকিস্তান হকি ফেডারেশনকে (পিএইচএফ) একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।

আঞ্জুম সাঈদ পাকিস্তান হকির একজন পরিচিত মুখ। খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তিনি ১৯৯২ সালের অলিম্পিকে পাকিস্তানের হয়ে খেলেছেন। এ ছাড়া ১৯৯৪ সালে পাকিস্তান যখন হকি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি জয় করে, তখন তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বর্তমানে তিনি জাতীয় দলের সহায়ক স্টাফ হিসেবে ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন।