ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাবালেঙ্কাকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন রিবাকিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:৫৩ পিএম
এলেনা রিবাকিনা। ছবি : সংগৃহীত

টেনিস ইতিহাসে স্মরণীয় এক প্রত্যাবর্তনের সাক্ষী হলো মেলবোর্ন। বিশ্বের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতে নিলেন কাজাখস্তানের তারকা এলেনা রিবাকিনা।

ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের গৌরব অর্জন করলেন রিবাকিনা। এর আগে ২০২২ সালে উইম্বলডনের শিরোপা জিতলেও এরপর দীর্ঘ সময় বড় কোনো ট্রফির দেখা পাননি বিশ্বের পঞ্চম র‍্যাংকিংধারী এই খেলোয়াড়। তিন বছর পর আবারও গ্র্যান্ড স্ল্যাম জয়ের আনন্দে ভাসলেন তিনি।

অন্যদিকে, টানা দুইবার ২০২৩ ও ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এবার ফাইনালে এসে থামতে হলো বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে। 

শনিবার (৩১ জানুয়ারি) মেলবোর্নের রড লেভার অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের আগেই ফেবারিট হিসেবে ধরা হচ্ছিল সাবালেঙ্কাকেই। তবে শুরু থেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখান রিবাকিনা। শক্তিশালী সার্ভ ও নিখুঁত গ্রাউন্ডস্ট্রোকের দাপটে ৬-৪ গেমে প্রথম সেট নিজের করে নেন তিনি।

দ্বিতীয় সেটে পাল্টা আক্রমণে ফেরেন সাবালেঙ্কা। অভিজ্ঞতা ও শক্তির মিশেলে ৬-৪ ব্যবধানে সেট জিতে ম্যাচে সমতা ফেরান তিনি। ম্যাচ গড়ায় নির্ধারণী তৃতীয় সেটে।

তৃতীয় সেটের শুরুতে ৩-০ ব্যবধানে এগিয়ে যান সাবালেঙ্কা। মনে হচ্ছিল শিরোপা বুঝি তাঁর হাতেই। কিন্তু সেখান থেকেই শুরু হয় রিবাকিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন। টানা দুটি ব্রেক পয়েন্ট আদায় করে ম্যাচে ফিরে আসেন তিনি। 

শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে তৃতীয় সেট জিতে ম্যাচ এবং শিরোপা নিশ্চিত করেন কাজাখস্তানের এই টেনিস তারকা।