ভারতের হিমাচল প্রদেশের শিমলায় শুরু হতে যাওয়া ৩০তম এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দক্ষিণ এশীয় অঞ্চলের বাছাইপর্বে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ যুব দল।
আগামী ৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে মূল পর্বের টিকিট নিশ্চিত করাই এখন লাল-সবুজ প্রতিনিধিদের প্রধান লক্ষ্য। চার দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।
টুর্নামেন্টে স্বাগতিক ভারতসহ দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশসমূহ অংশগ্রহণ করছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা—এই দুই বিভাগে সিঙ্গেলস, ডাবলস, মিক্সড ডাবলস এবং টিম ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এই মিশনকে সামনে রেখে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের (বিটিটিএফ) সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেটের নেতৃত্বে ২০ সদস্যের একটি শক্তিশালী প্রতিনিধি দল শিমলায় গেলেন।
দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন ও ফেডারেশনের সহ-সভাপতি তাহমিনা তারমিন বিনু। তরুণ এই খেলোয়াড়দের কারিগরি দিক দেখভালের দায়িত্বে রয়েছেন বিকেএসপির কোচ ধনঞ্জয় শীল তীর্থ এবং আইটিটিএফ লেভেল-২ কোচ রিগ্যান বড়ুয়া।
১৬ জন খেলোয়াড়ের এই দলে বিকেএসপির জয়জয়কার, যেখানে ১২ জনই বিকেএসপির বর্তমান শিক্ষার্থী এবং ২ জন সাবেক শিক্ষার্থী। বাকিদের মধ্যে একজন করে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ও রংপুর টেবিল টেনিস সংস্থার।
এবারের সফরে অনূর্ধ্ব-১৯ বালক দলের নেতৃত্ব দিচ্ছেন নাফিজ ইকবাল এবং বালিকা দলে অধিনায়ক হিসেবে আছেন খই খই সাই মারমা। অন্যদিকে, অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে শাহীন আহম্মেদ ও রাফিয়া চৌধুরী।


