ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:০১ এএম
ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানী ঢাকা। ছবি : সংগৃহীত

রাজধানীতে শীতের তীব্রতা আরও বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে রাজধানী। শীত ও কুয়াশার এই দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।

শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার কারণে অনেক সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে ভোর ও সকালের দিকে সীমিত দৃশ্যমানতার কারণে চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় রাস্তায় মানুষের চলাচল কিছুটা কম থাকলেও যাদের বের হতে হয়েছে, তাদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও শীত সামলানো কঠিন হয়ে পড়ছে।

ভোরে কাজে বের হওয়া পথচারী রফিকুল ইসলাম বলেন, ‘এত ঠান্ডা যে শরীর কাঁপছে। কুয়াশার কারণে সামনে ভালোভাবে দেখা যায় না। রাস্তায় চলাচল খুব কষ্টকর।’

একই অভিজ্ঞতার কথা জানান মোটরসাইকেলচালক হাসান আলী। তিনি বলেন, ‘মোটরসাইকেলে শীতটা বেশি লাগে। গ্লাভস ও জ্যাকেট পরেও ঠান্ডা আটকানো যাচ্ছে না। কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে।’

রিকশাচালক রহিম মিয়া বলেন, ‘সকালে যাত্রী কম থাকে। ঠান্ডায় হাত-পা জমে যায়। তবুও সংসারের তাগিদে বের হতে হয়।’

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, কয়েক দিন ধরে রাজধানীতে তীব্র শীত অনুভূত হলেও ঢাকায় কোনো শৈত্যপ্রবাহ নেই। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

বর্তমানে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় তা ধীরে ধীরে প্রশমিত হতে পারে।

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্নআয়, খেটে খাওয়া শ্রমজীবী ও সড়কে কর্মরত মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকের জন্য এই শীত আরও কষ্টকর হয়ে উঠেছে।