নানা কারণে বিশ্বজুড়ে শহরগুলোতে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়ছে। দীর্ঘদিন ধরেই এই সংকটে রয়েছে মেগাসিটি ঢাকা। এবারও বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষের দিকে উঠে এসেছে রাজধানী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৮৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর বায়ুমানের দিক থেকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একই সময়ে ৩৫৮ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কলকাতা। এ ছাড়া মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর ১৮২ স্কোর নিয়ে চতুর্থ এবং কম্বোডিয়ার রাজধানী নমপেন ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ু ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর বলা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এই অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোর হলে বায়ু ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

