ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:৩৭ এএম
ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের তিন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এ ছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এ সময়ে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায়। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে।