বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এ তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়।
মঙ্গলবার সকাল ৯টা ৪১ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা লাহোরের বায়ুর মান ৩০১, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে।
এরপরেই ২২১ মান নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং (১৯৫), চতুর্থ স্থানে ভারতের দিল্লি (১৯৪) ও পঞ্চম স্থানে কলকাতা (১৯২)।
এদিকে, একই সময়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু (১৭৪), সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে পাকিস্তানের করাচি (১৬৪) ও মঙ্গোলিয়ার উলানবাটোর (১৬৪)। নবম ও দশম স্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা (১৬১) ও রাশিয়ার ক্রাসনোইয়ারস্ক (১৬০)।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


