ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাতের মধ্যে রাজধানীসহ ১৩ জেলায় তীব্র ঝড়ের শঙ্কা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


 
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ ছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে দেশের সব বিভাগে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে আগামী দুদিন কোথাও কোথাও শিলাবৃষ্টিরও শঙ্কা রয়েছে।