সারাদেশে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের মাঝে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গরমে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখনই অধিদপ্তর জানিয়েছে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন এই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র গরমে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
তবে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে এই তাপপ্রবাহের তীব্রতা কিছুটা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, একটি লঘুচাপের বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া কাল থেকে পরবর্তী দুই দিন দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল শুক্রবারও সারা দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
পরবর্তী দিনগুলোতে তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকলেও বর্ধিত ৫ দিনের অবস্থায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আবারও বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

