ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উত্তাল সমুদ্র, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১১:৪০ এএম
ছবি : সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে এ সতর্কসংকেত মেনে চলতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, মোস্তফা কামাল পলাশ, যিনি কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়-এর আবহাওয়া ও জলবায়ু গবেষক, তিনি জানিয়েছেন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

তার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টি হতে পারে। বিশেষ করে নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, উত্তর দিক থেকে দক্ষিণে ধীরে ধীরে বৃষ্টিপাত অগ্রসর হচ্ছে। ফলে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা ও ফেনী জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।