ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:৩১ এএম
ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বর্ষাকাল শুরু হলেও রাজধানী ঢাকার বায়ুদূষণ পুরোপুরি কমেনি। বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাস এখনো সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ সময় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

তালিকায় প্রথম অবস্থানে রয়েছে জাকার্তা। শহরটির একিউআই স্কোর ১৬৭। দ্বিতীয় অবস্থানে থাকা কলকাতা এর স্কোর ১৫৮। এছাড়া ১৫৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে লাহোর এবং ১০২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে দিল্লি।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।