ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে চলমান বৃষ্টিপাতের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সোমবার সকালে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, তিন ঘণ্টার ওই সময়ে ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টি হলেও দেশের মধ্যে সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়। তিনি বলেন, ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে। তবে ১৬ জুলাই থেকে আবারও বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসব বিভাগের কয়েকটি স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
এ সময় দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

