এবার ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ‘যদি সঠিক কাজ না করেন’, তবে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে।’’ রদ্রিগেজ ইতিমধ্যে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের আদেশে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে দেশটিতে মার্কিন অভিযানের বিরোধিতা করেছেন ডেলসি রদ্রিগেজ। এর জবাবে ট্রাম্প এ সতর্কবার্তা দেন। মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর শনিবার ট্রাম্প প্রথমে রদ্রিগেজের প্রশংসা করেছিলেন। তবে রদ্রিগেজ বলেন, তার দেশ প্রাকৃতিক সম্পদ রক্ষা করবে।
মাদুরোকে শক্তি প্রয়োগ করে আটক করার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়ে ট্রাম্প আটলান্টিককে বলেন, ‘আপনি এটাকে পুনর্গঠন বলুন, শাসন পরিবর্তন বলুন—যাই বলুন না কেন—বর্তমান পরিস্থিতির চেয়ে যেকোনো কিছুই ভালো। এর চেয়ে খারাপ হওয়ার আর সুযোগ নেই।’
প্রসঙ্গত, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ৩ জানুয়ারি ভোরে এক অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। সোমবার (৫ জানুয়ারি) ম্যানহাটানের আদালতে তাকে উপস্থিত করা হতে পারে বলে জানা গেছে। ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলা দায়ের করা আছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন