ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দাবানলের ধোঁয়ায় আমেরিকায় বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৭:১২ পিএম
দাবানল। ছবি : সংগৃহীত

দাবানলের ধোঁয়া থেকে সৃষ্ট বায়ুদূষণের দীর্ঘমেয়াদি প্রভাব যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে ২৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর কারণ হচ্ছে- এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। ক্রমবর্ধমান এই পরিবেশগত সংকট জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে বলে সতর্ক করেছেন গবেষকরা।

সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়, ২০০৬ থেকে ২০২০ সালের মধ্যে দাবানলের ধোঁয়ায় থাকা সূক্ষ্ম কণার (পিএম২.৫) দীর্ঘস্থায়ী সংস্পর্শে এসে যুক্তরাষ্ট্রে প্রতিবছর গড়ে প্রায় ২৪ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে।

গবেষণার প্রধান লেখক এবং মাউন্ট সিনাইয়ের আইকান স্কুল অব মেডিসিনের পরিবেশগত চিকিৎসা বিভাগের সহকারী অধ্যাপক ইয়াগুয়াং ওয়েই বলেন, ‘দাবানলের ধোঁয়া মানুষের স্বাস্থ্যের জন্য ক্রমেই আরও গুরুতর ও বিপজ্জনক হুমকিতে পরিণত হচ্ছে।’

তার মতে, এই পরিসংখ্যান দাবানলজনিত দূষণের অন্তর্নিহিত ঝুঁকির প্রকৃত চিত্র তুলে ধরে।

গবেষণায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে পিএম২.৫ নামের সূক্ষ্ম কণার ওপর, যা দাবানলের ধোঁয়ার সবচেয়ে ক্ষতিকর উপাদান হিসেবে পরিচিত। এসব কণা ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে সক্ষম।

গবেষকরা জানান, স্বল্পমেয়াদে এই কণার সংস্পর্শে কাশি, শ্বাসকষ্ট ও চোখে জ্বালাপোড়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে দীর্ঘমেয়াদে এটি হৃদরোগ ও শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি বাড়ায়, বিদ্যমান রোগকে আরও জটিল করে তোলে এবং স্নায়বিক সমস্যাসহ নানা দীর্ঘস্থায়ী অসুস্থতার আশঙ্কা সৃষ্টি করে।

ইউসিএলএর পরিবেশগত স্বাস্থ্য বিজ্ঞানের অধ্যাপক মাইকেল গেরিট বলেন, কয়েক দশক ধরে দুর্বল বন ব্যবস্থাপনা এবং অগ্নি-প্রবণ এলাকায় অপরিকল্পিত নগরায়ণের ফলে এমন সব ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। এর ফলে দাবানলের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে এর স্বাস্থ্যগত ক্ষয়ক্ষতিও।

তিনি আরও বলেন, দাবানলের ধোঁয়াজনিত মৃত্যুর ঘটনা বেশিরভাগ সময়ই সরাসরি মৃত্যু সনদে উল্লেখ থাকে না। অথচ এই মৃত্যুগুলো মূলত সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যেই বেশি ঘটে।

মাইকেল গেরিট জোর দিয়ে বলেন, ‘এগুলো কেবল পরিসংখ্যান নয়- এগুলো বাস্তব মানুষের জীবন, যা আমরা হারাচ্ছি।’