ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মিশরে ধেয়ে আসছে ধুলোঝড় ‘খামাসিন’

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:৪৪ এএম
মৌসুমি ঝড় ‘খামাসিন’ । ছবি : সংগৃহীত

ধুলো ও বালিতে ভরা মৌসুমি ঝড় ‘খামাসিন’ ধেয়ে আসছে মিশরে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জরুরি সতর্কবার্তায় জানিয়েছে, ঝড়টি রাজধানীসহ বিভিন্ন শহর ও অঞ্চলে আঘাত হানতে পারে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আবহাওয়া দপ্তর জানায়, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

কর্তৃপক্ষের মিডিয়া অফিসের সদস্য ড. মানার ঘানেম বলেন, জনসাধারণকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে সড়কে গাড়ি চালানোর সময় চালকদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

তিনি নাগরিকদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেন। শ্বাসযন্ত্র ও সাইনাসজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ারও নির্দেশনা দেওয়া হয়।

আবহাওয়া অফিস জানায়, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এতে অনুভূমিক দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে কিছু এলাকায় ৫০০ মিটারের নিচে নেমে আসতে পারে।

এ ছাড়া সামুদ্রিক চলাচলেও ব্যাঘাত ঘটতে পারে, বিশেষ করে সুয়েজ উপসাগর এলাকায়। উত্তর উপকূল ও উত্তর নীল নদের বদ্বীপ অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

সতর্কবার্তাটি বিশেষভাবে বৃহত্তর কায়রো, উত্তর উপকূল, সুয়েজ খালসংলগ্ন শহর, উচ্চ মিশর এবং সিনাই অঞ্চলের বাসিন্দাদের উদ্দেশে জারি করা হয়েছে।

কর্তৃপক্ষ শ্বাসকষ্ট ও সাইনাসের সমস্যায় আক্রান্তদের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। পাশাপাশি ঝড়ের সময় গাছ, ল্যাম্পপোস্ট ও বিলবোর্ড থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, খামাসিন হলো মিশরের মৌসুমি দক্ষিণ-পূর্ব দিকের উষ্ণ ও শুষ্ক বাতাস, যা ভারী ধুলিঝড় নিয়ে আসে। সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বসন্ত মৌসুমে এ ধরনের বাতাস সক্রিয় থাকে। ‘৫০’ সংখ্যা থেকে এ নামের উৎপত্তি- ধারণা করা হয়, বসন্ত বিষুবের পর প্রায় ৫০ দিন অন্তর এই বাতাস প্রবাহিত হয়।