প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল এবং ক্যারিবিয়ান সাগরে ৩টি সন্দেহজনক মাদক-পাচারকারী নৌযানে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। এতে ১১ জন তথাকথিত মাদকপাচারকারী নিহত হয়েছেন।
মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে পূর্ব প্রশান্ত মহাসাগরে ২টি এবং ক্যারিবিয়ান সাগরে একটি সন্দেহজনক নৌযানে আক্রমণ করে মার্কিন নৌ সেনারা। এতে পূর্ব প্রশান্ত মহাসাগরের দু’টি নৌযানে থাকা ৮ জন এবং ক্যারিবিয়ান সাগরের নৌযানটিতে থাকা ৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিরক্ষা দক্ষিণাঞ্চলীয় কমান্ডের পক্ষ থেকে নিতহদের তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, ‘গোয়েন্দাসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মার্কিন বাহিনীর কোনো সেনা নিহত বা আহত হয়নি।’
২০২৫ সালের আগস্ট মাসে ট্রাম্প অভিযোগ করেছিলেন, পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরপথে বন্যার মতো মাদক ঢুকছে যুক্তরাষ্ট্রে। তিনি এ অভিযোগ করার কিছুদিন পর সেপ্টেম্বর থেকে এই দুই সাগরে অভিযান শুরু করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের অধীন নৌবাহিনী।
বিবিসির টালি বলছে, গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরে ৪০ বারেরও বেশিবার অভিযান চালিয়েছে মার্কিন নৌবাহিনী।

-20260218195147.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন