ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ইসরায়েলকে বয়কট করেছে দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০১:৪৬ এএম
ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ইসরায়েলের বিরুদ্ধে বয়কট নিষেধাজ্ঞা (বিডিএস) নীতিকে দলীয় সরকারি নীতির অংশ করার পক্ষে ভোট দিয়েছে।

গত মাসে দলটির জাতীয় সম্মেলনের শেষ পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্মেলনে গৃহীত প্রস্তাবে বলা হয়, ফিলিস্তিনিরা নিপীড়নের শিকার এবং ন্যায়সঙ্গত সমাধানের জন্য আন্তর্জাতিক চাপ প্রয়োজন। একই সঙ্গে ইসরায়েলে আফ্রিকান অভিবাসীদের ওপর হামলা ও নির্বাসনের ঘটনার নিন্দা জানিয়ে বিষয়টি আফ্রিকান ইউনিয়নের কাছে উত্থাপনের আহ্বান জানানো হয়। প্রস্তাব বাস্তবায়নে একটি স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিডিএস আন্দোলনের দক্ষিণ আফ্রিকান শাখা সিদ্ধান্তটিকে বড় বিজয় হিসেবে স্বাগত জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার সরকার ও এএনসির শীর্ষ নেতারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন। দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যেও বিডিএস প্রচারণার প্রতি সমর্থন বাড়ছে বলে জানানো হয়েছে।