ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়াকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০১:০৭ এএম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার বোন কিম ইয়ো জং। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। দুই দেশের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু হওয়ায় মঙ্গলবার (১০ মার্চ) তিনি এ সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ।

এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বৃহৎ পরিসরের এই সামরিক মহড়া কোরীয় উপদ্বীপকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এর জবাবে উত্তর কোরিয়া নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করবে বলেও তিনি উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, আমাদের দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন পেশিশক্তির প্রদর্শন অকল্পনীয় ভয়াবহ পরিণতির কারণ হতে পারে।

তিনি আরও বলেন, শত্রুপক্ষ যেন কখনোই উত্তর কোরিয়ার ধৈর্য, ইচ্ছাশক্তি ও সক্ষমতা পরীক্ষা করার চেষ্টা না করে।

সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বার্ষিক বসন্তকালীন যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’ শুরু করে। এর পরদিনই কিম ইয়ো জং এ হুঁশিয়ারি দেন।

১১ দিনব্যাপী এই মহড়ায় প্রায় ১৮ হাজার সেনাসদস্য অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সরকারের আমলে গত বছর মাঠ পর্যায়ে ৫১টি মহড়া পরিচালিত হয়েছিল। তবে এবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ২২টি মহড়া পরিচালনা করবে।

কিম ইয়ো জং বলেন, উত্তর কোরিয়া তাদের ‘অপ্রতিরোধ্য প্রতিরোধ শক্তি’ আরও বাড়িয়ে এই কৌশলগত হুমকি মোকাবিলা করবে। তিনি জোর দিয়ে বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সব সময় ‘অস্পৃশ্য’ থাকবে।

উল্লেখ্য, পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে ‘আক্রমণের প্রস্তুতি’ হিসেবে অভিহিত করে আসছে।

সূত্র: আনাদোলু।