যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা নীতিতে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট। এখন থেকে বিশ্বের নির্দিষ্ট ৫০টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ১৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ টাকা) জামানত বা 'ভিসা বন্ড' জমা দিতে হবে।
আল জাজিরাকে বুধবার (১৮ মার্চ) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্টেট ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে, আগে থেকেই বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের জন্য এই বন্ড প্রক্রিয়া চালু ছিল। তবে এবার সেই তালিকায় নতুন করে আরও ১২টি দেশকে যুক্ত করা হয়েছে।
নতুন অন্তর্ভুক্ত হওয়া দেশগুলো হলো— কম্বোডিয়া, ইথিওপিয়া, জর্জিয়া, গ্রেনাডা, লেসোথো, মরিশাস, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নিকারাগুয়া, পাপুয়া নিউগিনি, সেশেলস ও তিউনিসিয়া। নতুন এই বর্ধিত ভিসা বন্ড কর্মসূচি আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হতে যাচ্ছে।
মূলত ব্যবসা (বি-১) এবং পর্যটন (বি-২) ভিসার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মূলত ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে যান (ওভারস্টে), তাদের সংখ্যা কমিয়ে আনতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিয়ম অনুযায়ী, যদি কোনো ভ্রমণকারী ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই নিজ দেশে ফিরে যান কিংবা কোনো কারণে ভ্রমণ বাতিল করেন, তবে জমা দেওয়া ১৫ হাজার ডলার তাকে ফেরত দেওয়া হবে।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, নেপাল ও ভুটান আগে থেকেই এই ৩৮টি দেশের তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

-20260319120040.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন