মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি বাড়াতে আরও চার হাজার নৌ-সেনা ও অত্যাধুনিক যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ সংস্থা 'নিউজম্যাক্স'-এর বরাত দিয়ে আল জাজিরা আজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক চারজন মার্কিন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে লড়াইরত সেনাদের শক্তি বাড়াতেই পেন্টাগন এই নতুন বহর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে ‘বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ’ নামের এই বিশাল সামরিক বহরটি যাত্রা করার প্রস্তুতি নিচ্ছে।
এই গ্রুপে চার হাজার নৌ-সেনা ও নাবিকের পাশাপাশি রয়েছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান এবং বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। এ ছাড়া স্থলভাগে সরাসরি অপারেশন চালানোর জন্য বিশেষ ধরণের উভচর যানও এই বহরে যুক্ত করা হয়েছে।
এর আগে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ২৫০০ নৌ-সেনা এবং বেশ কয়েকটি আক্রমণকারী জাহাজ মোতায়েন ছিল।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান লক্ষ্য করে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই পরিস্থিতি চরম আকার ধারণ করে।
খামেনি হত্যার প্রতিবাদে ইরান ইতিমধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে এবং ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে।
-20260320121946.webp)

