ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদের সকালে ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১০:০৬ এএম
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আবহের মধ্যেই ভয়াবহ হামলার শিকার হয়েছে ইরানের রাজধানী তেহরান। শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় ভোরে ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালায়। এতে রাজধানীর একাধিক এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, শনিবার ভোরে তেহরানের আকাশসীমায় কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভয়েস অব আমেরিকার ফার্সি ভাষা বিভাগের তথ্যমতে, তেহরানের পশ্চিমাঞ্চলীয় একবাতান এলাকার বিখ্যাত আজাদি টাওয়ার এবং অলিম্পিক ভিলেজ এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। 

এছাড়া রাজধানীর উত্তর-পশ্চিমে মাজান্দারান প্রদেশের পাহাড়ি এলাকা কেলারদাশতেও যুদ্ধবিমানের তীব্র শব্দের খবর পাওয়া গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের বৈরুতে অভিযানের ধারাবাহিকতায় এবার ইরানের রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। 

তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে, সে বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এদিকে শুক্রবার (২০ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই।