যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে আবারও রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। শনিবার দেশজুড়ে ‘নো কিংস’ শীর্ষক আন্দোলনের তৃতীয় দফার কর্মসূচিতে অভূতপূর্ব গণজোয়ার পরিলক্ষিত হয়েছে। মূলত কঠোর অভিবাসন নীতি, ইরান পরিস্থিতি এবং প্রশাসনের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিমালার বিরুদ্ধে ফের উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। অভিবাসন নীতি, ইরান ইস্যু এবং প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার দেশজুড়ে ‘নো কিংস’ আন্দোলনের তৃতীয় ধাপের কর্মসূচি পালিত হয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্য মিলিয়ে ৩ হাজার ২ শতাধিক স্থানে প্রতিবাদ সভার পরিকল্পনা করা হয়েছিল। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ডালাস এবং ফিলাডেলফিয়ার মতো প্রধান শহরগুলোতে বিশাল সমাবেশ লক্ষ্য করা গেছে।
তবে এবারের আন্দোলনের বিশেষত্ব ছিল ছোট শহর ও স্থানীয় কমিউনিটিগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকদের দাবি, গত কর্মসূচির তুলনায় ছোট শহরগুলোতে বিক্ষোভকারীদের উপস্থিতি প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর আগে একই ব্যানারে আয়োজিত দুটি জাতীয় কর্মসূচিতে লাখো মানুষের সমাগম হয়েছিল। তবে শনিবারের এই বিক্ষোভের ব্যাপকতা প্রমাণ করে যে, ট্রাম্প প্রশাসনের প্রতি সাধারণ মানুষের অসন্তোষ কেবল বড় শহরগুলোতে সীমাবদ্ধ নেই, বরং তা তৃণমূল পর্যায়েও ছড়িয়ে পড়ছে।
বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ শাসনব্যবস্থা এবং আন্তর্জাতিক ভূ-রাজনীতি, উভয় ক্ষেত্রেই চাপে থাকা ট্রাম্প প্রশাসনের জন্য এই আন্দোলন একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। বিশেষ করে ইরান যুদ্ধ পরিস্থিতি এবং অভিবাসন নিয়ে কড়াকড়ির বিরুদ্ধে সাধারণ মানুষের এই অবস্থান আগামী দিনগুলোতে ওয়াশিংটনের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন