ভারতের কর্ণাটক রাজ্যের কোডাগু জেলায় একটি হোমস্টেতে অবস্থানকালে এক মার্কিন নারী পর্যটককে অভিযোগ ধর্ষণের উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় ও ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগী নারী কুট্টা গ্রামের একটি হোমস্টেতে তিন দিনের জন্য অবস্থান করছিলেন। অভিযোগে বলা হয়েছে, সেখানে অবস্থানকালে তাকে নেশাজাতীয় পানীয় পান করিয়ে অচেতন করা হয় এবং পরে তাকে ধর্ষণ করা হয়।
ঘটনাটি প্রথম প্রকাশ পায় গত ১৭ এপ্রিল, যখন ভুক্তভোগী নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিষয়টি ভারতের কেন্দ্রীয় সরকারকে জানানো হলে কর্ণাটক প্রশাসনকে সতর্ক করা হয় এবং ১৯ এপ্রিল মামলা দায়ের করা হয়।
কোডাগু জেলার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে এবং তাদের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে এবং ফরেনসিক ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হোমস্টেটির লাইসেন্স ও নিয়মনীতি মানা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর পর্যটন বিভাগ সংশ্লিষ্ট হোমস্টেটির লাইসেন্স স্থগিত করেছে এবং জেলার সব হোমস্টের জন্য নিরাপত্তা বিধিমালা কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে। এ ঘটনায় ভারতে পর্যটকদের নিরাপত্তা ও হোমস্টে ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া


