মিয়ানমারের সামরিক জান্তা সরকার দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের এক বিবৃতির বরাতে এই তথ্য প্রকাশ করা হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত এই নোবেলজয়ী নেত্রীকে রাজধানী নেপিদোর একটি কারাগারে রাখা হয়েছিল বলে ধারণা করা হয়। বর্তমানে তার বয়স প্রায় ৮০ বছর।
জান্তা প্রধানের বক্তব্য অনুযায়ী, সু চির অবশিষ্ট সাজা কমিয়ে তা নির্দিষ্ট একটি বাসভবনে ভোগ করার সুযোগ দেওয়া হয়েছে। তবে এই ঘোষণার সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার ছেলে কিম অ্যারিস।
তিনি জানান, তার কাছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যা প্রমাণ করে তার মা এখনো জীবিত আছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন, দাবি করেছেন ছবিটি পুরোনো সম্ভবত ২০২২ সালে তোলা।
কিম অ্যারিস বলেন, সু চির সঙ্গে সরাসরি যোগাযোগ বা স্বাধীনভাবে তার অবস্থান যাচাইয়ের সুযোগ না পাওয়া পর্যন্ত তিনি এই দাবিকে বিশ্বাস করতে পারছেন না।
উল্লেখ্য, দীর্ঘ সামরিক শাসনের পর মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কারের ধারায় ২০১৫ সালে ক্ষমতায় আসেন সু চি। এর আগে তিনি প্রায় ১৫ বছরের বেশি সময় গৃহবন্দি ছিলেন এবং সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের কারণে বহু বছর নিপীড়নের শিকার হন।
সূত্র : বিবিসি


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন