পবিত্র ভূমি জেরুজালেম অঞ্চলে সম্প্রতি খ্রিষ্টানদের লক্ষ্য করে সহিংসতার ঘটনা বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বিশেষ করে পশ্চিম জেরুজালেমে এক ফরাসি ক্যাথলিক নানের ওপর বর্বর হামলার ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ইসরায়েলি পুলিশ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি নানকে অনুসরণ করে হঠাৎ ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এরপর কিছুটা দূরে সরে গেলেও আবার ফিরে এসে মাটিতে পড়ে থাকা অবস্থায় তাকে লাথি মারতে থাকেন। এতে ওই নান মাথায় আঘাত পান।
পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করা হয়, হামলাকারী একজন ইসরায়েলি ইহুদি নাগরিক। ঘটনাটি নিয়ে তীব্র নিন্দা জানিয়ে সাবেক এক কূটনীতিক এটিকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলেও অভিহিত করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহত নানের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন