পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চললেও চূড়ান্ত কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত বর্তমান নীতি ও অবস্থান অপরিবর্তিত রাখার কথা জানিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন কোনো চুক্তি কার্যকর হওয়ার আগে পরমাণু কর্মসূচির বিদ্যমান কাঠামোয় কোনো পরিবর্তন আনা হবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-কে দেশটির পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানোর খবর নাকচ করে দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের দাবি বা সংবাদ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রসঙ্গ টেনে বাঘাই জানান, পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত তেহরান তার পরমাণু কর্মসূচির বর্তমান অবস্থা বহাল রাখবে। তবে বুশেহরসহ যেসব পরমাণু কেন্দ্রে আগে থেকেই নিয়মিত পরিদর্শন কার্যক্রম চালু রয়েছে, সেখানে আগের নিয়ম অনুযায়ী পরিদর্শন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব পরমাণু স্থাপনায় আইএইএ-এর প্রবেশাধিকার স্থগিত করা হয়েছিল, সেগুলোর বিষয়টি আলাদা। এসব কেন্দ্রে পুনরায় পরিদর্শনের সুযোগ দেওয়া হবে কি না, তা নির্ভর করবে চলমান আলোচনা কতদূর অগ্রসর হয় এবং শেষ পর্যন্ত কী ধরনের সমঝোতা অর্জিত হয় তার ওপর।


