ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

এবার সৌদিতে হামলার হুমকি হুতিদের, ক্রমেই হচ্ছে জল ঘোলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৩৭ পিএম
ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, রিয়াদ যদি তাদের আকাশসীমা লঙ্ঘন করে বা সামরিক অভিযান চালায়, তাহলে তারা সৌদি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাবে।

গতকাল শুক্রবার দেওয়া এক বিবৃতিতে হুথিরা দাবি করে, সৌদি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করেছিল এবং তারা সেটি প্রতিহত করেছে। তাদের অভিযোগ, ওই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের একটি বেসামরিক বিমানকে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়া।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় বলেন, ‘সৌদি শত্রু যদি আবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করে বা আগ্রাসন চালায়, তবে আমরা বিমানবন্দরসহ তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক জবাব দেব।’

তিনি আরও দাবি করেন, ওই বিমানটি ২০০ জনেরও বেশি আহত ও অসুস্থ যাত্রী বহন করছিল এবং পরে এটি তেহরানের দিকে ফিরে যায়।

এদিকে, দীর্ঘদিন তুলনামূলক শান্ত থাকার পর নতুন করে এ ধরনের হুমকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে।

হুথিদের এই বক্তব্যের পর ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। জোটটি এক বিবৃতিতে বলেছে, সৌদি আরবকে লক্ষ্য করে যেকোনো ধরনের হামলার চেষ্টা ‘চরম শক্তি ও কঠোর জবাবের মাধ্যমে’ মোকাবিলা করা হবে।

জোট আরও জানায়, হুথিদের এসব হুমকি মূলত ইয়েমেনের অভ্যন্তরীণ লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, সৌদি আরব, এর নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তার বিরুদ্ধে কোনো হুমকি সহ্য করা হবে না।