পাকিস্তান ভারতীয় বিমান চলাচলের ওপর আরোপিত আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা ২৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
বুধবার (১৭ ডিসেম্বর) জারি করা নোটাম (নোটিস টু এয়ারমেন) অনুযায়ী, ১৬ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৪ জানুয়ারি (পাকিস্তান সময়) পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না ভারতীয় মালিকানাধীন, পরিচালিত কিংবা ভাড়া করা কোনো বিমান। সামরিক বিমানও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
পিএএ জানিয়েছে, গত আট মাস ধরে কার্যকর থাকা নিষেধাজ্ঞার ধারাবাহিকতাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার মোট সময়কাল দাঁড়াল ২১০ দিন।
উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে (আইআইওজেকে) উত্তেজনার প্রেক্ষাপটে নয়াদিল্লি সিন্ধু জলচুক্তি স্থগিত করার পর পাকিস্তান প্রথমে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেয়।
এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও ৩০ এপ্রিল পাকিস্তানি বিমান সংস্থার জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। পরে পাকিস্তান ২৩ মে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক দফা বাড়ায়।
এর আগে ৬ ও ৭ মে পাকিস্তানের একাধিক শহরে ভারতের ‘বিনা উসকানিমূলক হামলার’ অভিযোগ ওঠে। জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘অপারেশন বুনিয়ানাম মারসুস’ নামে পাল্টা সামরিক অভিযান পরিচালনার দাবি করে।
পাকিস্তানের ভাষ্যমতে, ওই অভিযানে তিনটি রাফায়েলসহ সাতটি ভারতীয় যুদ্ধবিমান এবং একাধিক ড্রোন ভূপাতিত করা হয়।
প্রায় ৮৭ ঘণ্টা টানা উত্তেজনার পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান।
বিশ্লেষকদের মতে, আকাশসীমা বন্ধ থাকায় ভারতীয় বিমান শিল্প বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়লেও পাকিস্তানের বিমান চলাচলের ওপর এর প্রভাব তুলনামূলকভাবে কম।
এর আগে ১৯৯৯ সালের কার্গিল সংঘাত ও ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার সময়ও পাকিস্তান আকাশসীমা বন্ধ করেছিল। সে সময়েও ভারতীয় বিমান চলাচল পাকিস্তানের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সূত্র: জিও নিউজ

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন