থাইল্যান্ডে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা দুই পাইলট নিহত হয়েছেন। দেশটির বিমানবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উত্তর থাইল্যান্ডের একটি বনাঞ্চলে প্রশিক্ষণ ফ্লাইটের সময় এই দুর্ঘটনা ঘটে।
বিমানবাহিনীর মুখপাত্র জ্যাকক্রিট থামানভিচাই জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে চলমান প্রশিক্ষণ চলাকালীন বিমান বিধ্বস্ত হয় এবং দুজন পাইলট নিহত হয়েছেন।
বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ ও উদ্ধার প্রশিক্ষণ মিশনের সময় সকাল ১০টা ২০ মিনিটে চিয়াং মাই প্রদেশে দুই আসনের এটি-৬ বিমানটি বিধ্বস্ত হয়।
বিবৃতিতে বলা আরও বলা হয়, এই দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের ওপর তেমন কোনো প্রভাব বা বেসামরিক সম্পত্তির কোনো ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
এরআগে, গত বছরের এপ্রিলে রাজধানী ব্যাংককের দক্ষিণে একটি রিসোর্টের কাছে প্যারাসুট প্রশিক্ষণ মহড়ার সময় একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হলে ছয় থাই পুলিশ কর্মকর্তা নিহত হন।


