ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মিয়ানমারের নির্বাচনকে স্বীকৃতি দেবে না আসিয়ান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১১:১৬ এএম
আশিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনস্থল। ছবি : সংগৃহীত

জান্তা শাসিত মিয়ানমারে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনকে এখনো স্বীকৃতি দেয়নি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান । বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাসারো এ কথা জানান। 

ফিলিপাইনের সেবু শহরে আসিয়ানের মন্ত্রীপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লাসারো বলেন, মিয়ানমারের নির্বাচনের কোনো পর্যায়ই আসিয়ান আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেনি এবং এ বিষয়ে জোটের ভেতরে এখনো ঐকমত্য তৈরি হয়নি। তিনি আরও বলেন, ভোটগ্রহণ শেষ হলেও পুরো নির্বাচন প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। 

আসিয়ানের এই অবস্থান মিয়ানমারের সামরিক শাসকদের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

২০২১ সালে ক্ষমতা দখলের পর তারা নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈধতা পাওয়ার চেষ্টা করে আসছে। এর আগে চলতি সপ্তাহে সেনাসমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) নির্বাচনে জয়ের দাবি করে এবং নতুন সরকার গঠনের কথা জানায়। তবে এখনো আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়নি।

সমালোচক ও মানবাধিকার সংগঠনগুলো এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মানতে নারাজ। তাদের অভিযোগ, প্রধান বিরোধী দলগুলোকে নির্বাচনের বাইরে রেখে এই ভোট অনুষ্ঠিত হয়েছে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার ঘটনাও আসিয়ান স্বীকৃতি দেয়নি। জোটটি বরাবরই সহিংসতা বন্ধ, অন্তর্ভুক্তিমূলক সংলাপ এবং সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়ে আসছে, যা বৈধ ও জনসমর্থনসম্পন্ন সরকার গঠনের জন্য জরুরি বলে মনে করা হয়।

বর্তমানে আসিয়ানের বার্ষিক ঘূর্ণায়মান সভাপতির দায়িত্ব পালন করছে ফিলিপাইন। সামরিক শাসন জারি হওয়ার পর মিয়ানমারকে এই দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।