প্রথমে মনে হতে পারে এটি কোনো গল্প বা সিনেমার দৃশ্য, কিন্তু এটি একদম বাস্তব ঘটনা যা চীনে ঘটতে চলেছে। চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে বসন্তকালীন ছুটির সময় শিক্ষার্থীদের জন্য একটি অদ্ভুত কিন্তু বাস্তব নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়েছে ‘ফুল দেখা ও প্রেমে পড়া’ কাজে নিজেকে নিয়োজিত করতে।
সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অফ এভিয়েশন তাদের আনুষ্ঠানিক উইচ্যাট অ্যাকাউন্টে জানিয়েছে, ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বসন্তকালীন ছুটির মূল ভাব হলো ‘ফুল দেখা ও প্রেম উপভোগ করা’।
কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী ও শিক্ষককে বইপত্র ছেড়ে ছুটি এসব কাজে নিজেদেরকে ব্যস্ত রাখার পরামর্শ দিয়েছে।
চীনের জন্য এটি একটি অস্বাভাবিক নির্দেশনা, যেখানে শিক্ষার্থীরা সাধারণত ফলাফলের দিকে সম্পূর্ণ মনোনিবেশ করে থাকে। তবে এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে দেশটি বিবাহ ও অভ্যন্তরীণ ভোগকে উৎসাহিত করার নতুন কৌশল গ্রহণ করেছে।
সিচুয়ান এবং পূর্ব জিয়াংসু প্রদেশসহ সুঝো এবং নানজিংয়ের মতো শহরগুলো বসন্তকালীন ছুটির পরিকল্পনা ঘোষণা করেছে। বেশিরভাগ ছুটি এপ্রিল বা মে মাসের শুরুতে অনুষ্ঠিত হবে। সরকারের লক্ষ্য হলো ১ দশমিক ৪ বিলিয়ন জনসংখ্যার মধ্যে ভ্রমণ ও অবসরমূলক কার্যক্রমকে উৎসাহিত করে অভ্যন্তরীণ ভোগ বাড়ানো।
কর্তৃপক্ষ আশা করছে, অতিরিক্ত অবসর ও বিনোদন শিশু জন্মহার হ্রাসের উদ্বেগজনক প্রবণতিকে উল্টে দিতে সাহায্য করবে। ২০২৫ সালে চীনের জনসংখ্যা টানা চতুর্থ বছরে হ্রাস পেতে চলেছে, কারণ জন্মহার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

