স্পেনের উত্তরাঞ্চলীয় শহর সানতান্দেরের এল বোকাল সমুদ্রসৈকতে একটি কাঠের ফুটওভার ব্রিজ ধসে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন এখনও নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এল বোকাল সমুদ্রসৈকতের উপকূলীয় অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এল বোকাল ও স্প্যানিশ ইনস্টিটিউট অব ওশানোগ্রাফিকে সংযুক্তকারী উপকূলীয় পথের অংশ হিসেবে নির্মিত কাঠের সেতুটি হঠাৎ ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেতুর ওপর সাতজন অবস্থান করছিলেন। সেতু ধসে পড়লে তারা নিচের পানি ও পাথরের ওপর পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
সান্তান্দারের মেয়র জেমা ইগুয়াল বলেন, এটা একটা বড় দুঃখের বিষয় যে প্রকৃতি উপভোগ করতে আসা কিছু তরুণ-তরুণীর এমন দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের সবাই ‘তরুণ থেকে মধ্যবয়সী’। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি বলেও তিনি জানান।
দুর্ঘটনার পরপরই আঞ্চলিক ১১২ জরুরি সেবা কেন্দ্র উদ্ধার অভিযান শুরু করে। ফুটব্রিজ ধসে পড়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
উদ্ধার কার্যক্রম চলমান থাকায় উপকূলীয় পথটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র : দ্য সান


