ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রক্তাক্ত জামা পরিহিত ছবি দিয়ে ময়ূখ লিখলেন ‘নাক-মুখ ফাটিয়ে দিয়েছে’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:২৮ পিএম
রক্তাক্ত ময়ূখরঞ্জন ঘোষ। ছবি- সংগৃহীত

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিয়ে ক্রমাগত নেতিবাচক মন্তব্য করে সমালোচিত পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখরঞ্জন ঘোষ। পুলিশের লাঠিচার্জের সময় তিনি নিজেও আহতদের মধ্যে পড়েন। তবে তার শরীরে লেগে থাকা রক্ত তার নিজের নয়, বরং আহত বিক্ষোভকারীদের বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে রক্তমাখা শার্ট পরা একটি ছবি পোস্ট করে ময়ূখ এ ঘটনার কথা জানান। 

পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিবাদ করতে এসে কলকাতায় পুলিশের লাঠির আঘাতে আহত সনাতনীদের রক্ত তার জামায় লেগেছে। নাক ও মুখে আঘাত পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

ময়ূখ আরও লেখেন, তিনি একা ছিলেন না—অনেকেই তাকে ধরে রেখেছিলেন। সেই রক্তমাখা জামা তিনি সংরক্ষণ করবেন বলেও মন্তব্য করেন এবং দাবি করেন, এই ঘটনা অনেক কিছু বদলে দেবে। 

পোস্টের শেষে তিনি লেখেন—‘বাংলাদেশ হাইকমিশন, কলকাতা, ডিসেম্বর ২০২৫’—এবং সঙ্গে মুষ্টিবদ্ধ হাতের একটি ইমোজি যুক্ত করেন।

পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।